ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের মাদার্শাবাড়ির পশ্চিমে ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তারা দুজনই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়া তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে তারা বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম বলেন, ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয় লোকজনই ঝুঁকি নিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এদিকে উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দুর্ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে বাধ্য হয়ে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষিশ্রমিকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






