‘টুকিটাকি’-তে পাহাড়ি পণ্য ছড়িয়ে দিচ্ছেন রেনেসাঁ চাকমা

মাত্র সাড়ে চার বছর বয়সে বাবাকে হারিয়ে চরম অভাব-অনটনের মুখোমুখি হয়েছিলেন। টিউশনি করে চালিয়েছেন পড়াশোনা। করোনা মহামারিতে যখন সেই টিউশনিও বন্ধ হয়ে যায়, তখন অনলাইনে পণ্য বিক্রির শুরু করেন রাঙামাটির পাহাড়ি তরুণী রেনেসাঁ চাকমা। নিমপাতা আর কাঁচা হলুদ দিয়ে ঘরে তৈরি ফেসিয়াল ক্লিনজার দিয়ে শুরু হওয়া তার সেই ছোট্ট উদ্যোগই রূপ নিয়েছে অনলাইনভিত্তিক সফল ব্র্যান্ড ‘টুকিটাকি’-তে।
নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের এই শিক্ষার্থী।
রাঙামাটি শহরের অদূরে রাঙ্গাপানি গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রেনেসাঁর পথচলা সহজ ছিল না। ২০২০ সালে করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উদ্যোক্তাদের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হন তিনি। নিজের উদ্ভাবিত নিম ফেসিয়াল ক্লিনজারের ছবি ফেসবুকে পোস্ট করার পর পান ব্যাপক সাড়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক পণ্য তৈরি করে যুক্ত করতে থাকেন নিজের প্ল্যাটফর্ম ‘টুকিটাকি’-তে। বর্তমানে রাঙামাটি ও ঢাকার বেইলি রোডে (বনীতে) দুটি শোরুমের পাশাপাশি অনলাইনের মাধ্যমে দেশ-বিদেশে চলছে তার পণ্য বিপণন।

রেনেসাঁর ‘টুকিটাকি’তে রয়েছে তুলসী ফেসিয়াল, বিভিন্ন ফেসপ্যাক, হেয়ারপ্যাক, হেয়ারঅয়েল, বুটিক পোশাক, পাহাড়ি হলুদ ও মরিচসহ ২০টিরও বেশি বৈচিত্র্যময় পণ্য। এর বাইরে পাহাড়ের নানা ফল ড্রাই করে বিক্রি করা হয়। যার মধ্যে রয়েছে শুকনো আনারস, শুকনো পেঁপে, মিক্সড ড্রাই ফ্রুটস, আচার, কাজুবাদাম এবং আনারসের লাড্ডু।
রেনেসাঁর এই উদ্যোগের ফলে স্থানীয় বহু নারীর কর্মসংস্থান তৈরি হয়েছে। ‘টুকিটাকি’র কারখানায় কর্মরত মুক্তা চাকমা জানান, দিদি সব রেডি করে দিলে আমি সেগুলো যত্নসহকারে ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্যাকেট করি। এগুলো রাঙামাটি ও ঢাকার শোরুমে পাঠানো হয়।
লেখাপড়ার পাশাপাশি গত দুই বছর ধরে রেনেসাঁর দোকানে চাকরি করছেন মৈত্রী চাকমা। তিনি বলেন, আগে পড়াশোনার খরচ বাড়ি থেকে নিতে হতো, এখন উল্টো আমি বাড়িতে টাকা পাঠাই। আমার মা-বাবা এতে খুব খুশি। অন্যদিকে হেলি চাকমা নামের আরেক তরুণী জানান, পড়ালেখার পাশাপাশি তিনি রেনেসাঁর কাছ থেকে ব্যবসার খুঁটিনাটি শিখছেন, যাতে ভবিষ্যতে নিজেও একজন সফল উদ্যোক্তা হতে পারেন।

টুকিটাকি’র স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা রেনেসাঁ চাকামা বলেন, শুরুটা অনেকের কাছে গল্পের মতো মনে হলেও এটি ছিল আমার বেঁচে থাকার লড়াই। বর্তমানে ২০টিরও বেশি পণ্য নিয়ে কাজ করছি। কিছুটা সহায়তা পেলেও ব্যবসাটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সরকার যদি পাহাড়ের নারীদের জন্য বিশেষ ঋণের বা বরাদ্দের ব্যবস্থা রাখে, তবে আমার মতো আরও অনেক নারী স্বাবলম্বী হতে পারবে।
রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসা বলেন, রাঙামাটি জেলার উদ্যমী নারী উদ্যোক্তা রেনেসাঁ। অর্থনীতি সাফল্য অর্জনকারী হিসেবে ২০২৫ সালে পুরস্কার পান তিনি। রেনেসাঁ নিজে উদ্যোক্তা ছাড়াও দেশের বিভিন্ন অনুষ্ঠানে নারীদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক হিসেবে। তার পণ্যগুলো সরাসরি বিদেশে রপ্তানি হয় কিনা বিষয়টি সঠিক জানি না।






