চার দিন পর বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতা কাটিয়ে চার দিন পর বান্দরবানের সাথে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। এতে ভোগান্তি শেষে সাধারণ যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে সড়কগুলোর ওপর জমে থাকা বন্যার পানি নেমে যাওয়ায় বান্দরবান বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোমবার দুপুরের পর থেকেই বান্দরবান কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে একে একে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ছেড়ে গেছে।
চট্টগ্রামগামী যাত্রী শাখাওয়াত হোসেন বলেন, ‘চার দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় আমরা চরম দুর্ভোগে পড়েছিলাম। জরুরি কাজ থাকলেও জেলা থেকে বের হতে পারিনি। আজ বাস চালু হওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছি।’
সাঙ্গু ট্রাভেলসের ম্যানেজার ফয়সাল আহমেদ চৌধুরী জানান, ‘বন্যার কারণে গত চার দিন ধরে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আজ সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আমরা আবার বাস চালানো শুরু করেছি। প্রথম দিন হলেও যাত্রীদের উপস্থিতি সন্তোষজনক ছিল। আবহাওয়া স্বাভাবিক থাকলে এখন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল করবে।’
পূর্বাণী চেয়ার কোচ সার্ভিসের চেকার মো. জামাল উদ্দীন বলেন, ‘আজ থেকে আবার গাড়ি ছাড়া শুরু করেছি। প্রথম দিনে যাত্রী কিছুটা কম থাকলেও মঙ্গলবার থেকে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।’
বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের কারণে গত চার দিন ধরে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন নিচু স্থানে পানি জমে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শত শত যাত্রী মাঝপথে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহান। সোমবার দুপুরের পর মহাসড়ক থেকে পানি সম্পূর্ণ নেমে যাওয়ায় আবারও দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয়।





