সাব-স্টেশন থেকে বিদ্যুতের লাইনম্যানকে তুলে নিয়ে গেল কিশোররা

চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানকে দিন-দুপুরে প্রকাশ্যে মারধর করে অপহরণের ঘটনা ঘটেছে। সিনেমার দৃশ্যের মতো এই ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ৩৭ মিনিটে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ফরিদগঞ্জ সাব-স্টেশনে ঢুকে পড়ে। তারা সেখানে কর্তব্যরত লাইনম্যান আবদুল কাদিরকে মারধর করতে করতে সড়কে নিয়ে যায়। পরে একটি পিকআপে তুলে তাকে নিয়ে হয়। এ সময় অপর লাইনম্যান ইব্রাহিমকেও মারধর করা হয়।
অপহরণকারীরা আবদুল কাদিরকে ভাটিয়ালপুর চৌরাস্তা হয়ে ধানুয়া বাজার অতিক্রম করে পূর্ব ধানুয়া এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে আবারও মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে পল্লী বিদ্যুৎ ফরিদগঞ্জ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ডেপুটি জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম, এজিএম নাজির উল্যাহ এবং স্থানীয়দের সহায়তায় প্রায় সাত কিলোমিটার দূরের পূর্ব ধানুয়া গ্রাম থেকে অপহৃত লাইনম্যানকে উদ্ধার করা হয়।
চাঁদপুর-২ এর জোনাল ম্যানেজার মোহাম্মদ আতিকুজ্জামান চৌধুরীর বলেন, অপহরণের পর লাইনম্যানকে উদ্ধার করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মারধরের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। এখনও কেউ আটক হয়নি।
এদিকে সাব-স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল কিশোর এই অপহরণের সঙ্গে জড়িত। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।






