দুর্যোগপূর্ণ আবহাওয়া, হাতিয়ার সঙ্গে নৌ চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
দুর্যোগপূর্ণ আবহাওয়া, হাতিয়ার সঙ্গে নৌ চলাচল বন্ধ
নৌ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: এশিয়া পোস্ট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৫ জুলাই) দুপুর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার সকাল থেকে যাত্রীদের নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি। দুপুরের দিকে ঘোষণা আসে নৌযান চলাচল বন্ধ। এতে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

হাতিয়ার চেয়ারম্যান ঘাটে চলাচলকারী ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

ট্রলার মালিক সমিতির সদস্য মো. নাজিম উদ্দিন বলেন, বাতাসের সঙ্গে নদী উত্তাল রয়েছে। এ জন্য সকল ধরনের দুর্ঘটনা এড়াতে নৌযান মালিকদের নির্দেশে চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সব ধরনের ট্রলার চলাচল করবে।

এ বিষয়ে হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট নৌপথে সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাতিয়াতে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, হাতিয়া উপজেলা বর্তমানে ৩ নম্বর সতর্কসংকেতের আওতায় রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় আজ দুপুর থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।