মেহেরপুরে আরও এক অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
মেহেরপুরে আরও এক অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেপ্তার
অনলাইন ক্যাসিনো এজেন্ট মাসুদ রানা

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে আরও এক এজেন্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ মে) দুপুর দুইটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে অবস্থিত মাসুদের ব্যবসা প্রতিষ্ঠান ‘রোজ ফ্যাশন’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাসুদ রানা মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ মুজিবনগর থানায় মামলাটি দায়ের করে। ওই মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলার পর প্রথমে অনলাইন ক্যাসিনো এজেন্ট মুকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আরও ১৫ জনকে মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হলেও একজন জামিনে মুক্ত হয়েছেন। অধিকাংশ আসামি এখনও পলাতক রয়েছেন।

ডিবি সূত্র বলছে, মামলার পর থেকেই কোমরপুর বাজারের রোজ ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ রানা আত্মগোপনে ছিলেন। মাঝেমধ্যে তিনি গোপনে দোকানে এসে সময় কাটাতেন। সোমবার দুপুরে তিনি দোকানে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরীর নেতৃত্বে একটি দল রোজ ফ্যাশন ঘেরাও করে। পরে সেখান থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ফোনের ফরেনসিক রিপোর্টে অনলাইন ক্যাসিনো পরিচালনা বা জুয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন মামলা করা হবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।