নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলিউল্লাহ নামে এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে চোখ ওপড়ানো ও শরীরে ছুরিকাঘাতের চিহ্নসহ অলিউল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের মো. হারুন রশীদের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারের উদ্দেশে রওনা হন অলিউল্লাহ। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বাবা। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধারের খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অলিউল্লাহর মরদেহ শনাক্ত করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা অলিউল্লাহর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করে। পরে মরদেহ ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





