রংপুরে মদপানে তিনজনের মৃত্যু, একজন হাসপাতালে

রংপুরের মিঠাপুকুরে মদপানে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার বালারহাট এলাকায় রোববার (৩১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০, একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫) মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মো. এরশাদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বাড়িতে একজনের মৃত্যু হয় এবং অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা অসুস্থদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। হুজুর আলী ও সাজু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন মোছা. আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, তারা মদপান করেই মারা গেছেন। লাশ যাতে ময়নাতদন্ত করাতে না হয়, এ জন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, এ ঘটনায় এখনও তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
.png)





