বগুড়ায় মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফেনীগ্রাম এলাকায় মোহাম্মদ আলী (৫০) নামে এক রাইস মিল মালিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সময় মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ জুলাই) রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশ। নিহত মোহাম্মদ আলী উপজেলার ফেনীগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে নিজের রাইস মিলে ঘুমাতে যান মোহাম্মদ আলী। সোমবার সকাল ৭টায় ডাবর গ্রামের আতোয়ার রহমান নামে এক ব্যক্তি মিলে মরিচ ভাঙাতে এসে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি পাশের এক ভ্যানচালককে বিষয়টি জানান। পরে দুজন মিলে মিলের ভেতরে গিয়ে মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলে ঢুকে মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তার মাথায় আঘাত করে তাকে হত্যা করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা মিল থেকে তিনটি ট্রান্সফর্মার খুলে নিয়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে কতজন জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।





