Advertisement

ভূমি অফিসের চোরাই মাল মিলল বিএনপি নেতার ভাঙারির দোকানে

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
ভূমি অফিসের চোরাই মাল মিলল বিএনপি নেতার ভাঙারির দোকানে
বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে চুরির মাল উদ্ধার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল স্থানীয় বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনার পর পুলিশের অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আইয়ুব আলী খাঁনের ভাড়া নেওয়া ভাঙারির দোকান থেকে চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. হালিমের শ্যালককে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, গত ২৬ মে অফিস শেষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলী অফিসের সব কক্ষ ও প্রধান ফটকে তালা লাগিয়ে চলে যান। পরে রোববার সকালে অফিসে এসে তিনি দরজার তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা দেখতে পান।

চোর অফিস থেকে একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, পানির মোটরসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত মো. আইয়ুব আলী খাঁনের ভাড়া নেওয়া একটি ভাঙারির দোকানে অভিযান চালায়। অভিযানকালে ভূমি অফিস থেকে চুরি হওয়া পানির মোটরসহ কয়েকটি মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি হওয়া মালামালের একটি বড় অংশ স্থানীয় ভাঙারির দোকানগুলোতে বিক্রি করা হয়। প্রশাসনের নজরদারির অভাব এবং কিছু দোকান মালিকের প্রভাবশালী অবস্থানের কারণে এসব কার্যক্রম অনেক সময় প্রকাশ্যেই চলতে থাকে বলে দাবি তাদের।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খাঁন বলেন, ‘স্থানীয় শহিদ নামে এক ব্যক্তির সঙ্গে আমার বিরোধ রয়েছে। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে সরকারি অফিসের চোরাই মাল আমার দোকানে রেখে দেওয়া হয়েছে বলে আমি মনে করি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি আমরা তদন্ত করছি। চুরি হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।