যুবদল নেতাকে বহনকারী অটোরিকশায় বাসের ধাক্কা, প্রতিবাদে সড়ক অবরোধ

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কার ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা দাবি করে সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মাদারগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও মাদারগঞ্জ-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় ও অবরোধকারীরা বলেন, মঙ্গলবার রাতে মোখলেছুর রহমান ও তার স্ত্রী অটোরিকশায় মাদারগঞ্জ থেকে জামালপুর শহরের উদ্দেশে রওনা হন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে না থেমে দ্রুত মাদারগঞ্জের দিকে চলে যায়।
দুর্ঘটনায় যুবদল নেতা মোখলেছুর রহমানের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
জামালপুর জেলা যুবদলের সদস্য আলামিন তালুকদার বলেন, ফিটনেসবিহীন ও অনিবন্ধিত গাড়ি চলাচল বন্ধ এবং সাম্প্রতিক বাস দুর্ঘটনার সুষ্ঠু সমাধানের দাবিতে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করেছি। মূলত এটি একটি বার্তা, যাতে নিয়ম মেনে ও শৃঙ্খলার সঙ্গে যানবাহন চালানো হয়। পরীক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা অফিস সময়ের আগেই সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছি।
তিনি আরও বলেন, বাস মালিক সমিতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বিএনপি এবং এর সব অঙ্গসহযোগী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনার প্রতিবাদে নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ তাদের সঙ্গে আলোচনা করলে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কিছু বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
.png)






