Advertisement

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি : এশিয়া পোস্ট

পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যার প্রায় আট বছর পর রায় দিয়েছেন আদালত। খুলনার বটিয়াঘাটায় আলোচিত শেখ রেজাউল হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—খুরশীদ আলম, আব্দুস সালাম ও খায়েরুল। আর খালাস পাওয়া আসামির নাম এরশাদ।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে পৈতৃক জমিসংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালানো হয়। হামলার একপর্যায়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শেখ রেজাউল ও প্রধান আসামি খুরশীদ আলম সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে খুরশীদ আলম, আব্দুস সালাম, খায়েরুল ও এরশাদকে আসামি করে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা করেন।

পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে সংস্থাটি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং এরশাদকে খালাস দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ টি এম মনিরুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

বিষয় :খুলনা