নারী নির্যাতনের মামলা

সেই কৃষক দল নেতাকে দল থেকে অব্যাহতি

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
সেই কৃষক দল নেতাকে দল থেকে অব্যাহতি
মাগুরায় কৃষক দল থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা রিফাতুল ইসলাম রায়হান। ছবি: সংগৃহীত

নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া মাগুরার কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান।

এর আগে ২৮ জুন লিখিতভাবে রিফাতুল ইসলাম রায়হানকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

২৭ জুন এক নারীর করা মামলায় ২৮ জুন রায়হানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রায়হান সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন। তিনি মাগুরা শহরের ভায়না গ্রামের টিবি ক্লিনিক পাড়ার বাসিন্দা।

ওই নারী রায়হান বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করেন, তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর তা অস্বীকার করে হুমকি দেন রায়হান।

এজাহার সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তান নিয়ে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে রায়হান নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন এবং বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের বিষয়টি সামনে এলে রায়হান তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ ২৫ মে বিয়ের কথা তুললে তিনি অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, এটি ব্যক্তিগত বিষয় হলেও অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিন দিনের মধ্যে জবাব দিতে রায়হানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাব না পাওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওই নারী জানান, মামলা করার পর থেকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত কারাগারে রয়েছেন। ঘটনা তদন্তাধীন রয়েছে।

বিষয় :মাগুরা