আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ওপর এক শিক্ষকের বিরুদ্ধে বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই শ্রেণির অন্তত ১৭ জন কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম, যিনি বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, ঘটনার সময় চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলায় প্রিয় দলের হার নিয়ে একটি ব্যঙ্গাত্মক গান গাইতে শুরু করে। শিক্ষার্থীদের গানের শব্দ শুনে ক্ষুব্ধ হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম। অভিযোগ উঠেছে, তিনি নিজের পছন্দের ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ সহ্য করতে না পেরে একটি প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে কক্ষে থাকা ২৩ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ১৭ জন আহত হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। রাতে বিদ্যালয়সংলগ্ন নারচী মোড় এলাকায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। তারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন নির্মম শারীরিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুস সালাম নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন।
এ বিষয়ে নওগাঁ জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানাউল হাবিব জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)






