পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে বাড়ির ইট টানালেন শিক্ষক

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে বাড়ির ইট টানালেন শিক্ষক
পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে ইট বহন করান এক শিক্ষক। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোনার কলমাকান্দায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকের বাড়িতে ইট বহনের মতো ভারী কাজ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ বেগম শিক্ষার্থীদের দিয়ে তার বাড়ির ইট বহন করান বলে অভিযোগ।

অভিযুক্ত সহকারী শিক্ষক শাহনাজ বেগম উপজেলার বেনুয়া গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী। অভিযুক্তের স্বামী আলীম উদ্দিন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ বেগম বিদ্যালয়ের ক্লাস চলাকালে ১৫-২০ জন শিক্ষার্থীকে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, স্কুল ড্রেস পরা শিক্ষার্থীদের দিয়ে তার বাড়িতে ইট বহনের কাজ করানো হয়। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, এর আগেও ধান কাটার মৌসুমে শিক্ষার্থীদের দিয়ে ধান ও খড় শুকানোর কাজ করানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন কয়েকজন অভিভাবক।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষক শাহনাজ বেগমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষকের স্বামী প্রধান শিক্ষক আলীম উদ্দিন বলেন, ‘আমি একটি কাজে উপজেলায় চলে গিয়েছিলাম। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই ঘটনার ভিডিও পেয়েছি। আগামী কার্যদিবসে ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।