কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দীর্ঘ ১৭ মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটির ৯ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে উদবাতুল বারী আবু সভাপতি এবং ইউসুফ মোল্লা টিপু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ঘোষিত সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব ছাড়াও আরও চারজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা হলেন সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহমেদ এবং মোসাম্মৎ ফরিদা আক্তার।
অনুমোদিত কমিটিতে নজরুল ইসলামকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে ১৫ জন সহসভাপতি, খলিলুর রহমান বিপ্লবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরও ১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ করা হয়েছে কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেলকে। বিভিন্ন সম্পাদকীয় পদের পাশাপাশি ৬৪ জন সদস্যসহ মোট ১৫১ সদস্য নিয়ে এই নির্বাহী কমিটি গঠন করা হয়।
একই সাথে গঠিত ৯ সদস্যের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম, আবদুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, মোসলেহ উদ্দিন আহমেদ এবং নীলুফা পারভীন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এই ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিই এখন থেকে কুমিল্লা মহানগর বিএনপির সমস্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে উদবাতুল বারী আবুকে সভাপতি, ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক এবং রাজিউর রহমান রাজিবকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৭ মাস পর সেই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল। বর্তমানে উদবাতুল বারী কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান এবং ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
এর আগে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় মহানগর বিএনপির কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালের ৩০ মে প্রথমে ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও তিন মাস পর তা বিলুপ্ত করা হয়। পরে একই বছরের ৩১ আগস্ট উদবাতুল বারীকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করে ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির অধীনেই দীর্ঘ পথ পেরিয়ে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।





