Advertisement

বেইলি ব্রিজে আটকে পড়লেন নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

এশিয়া পোস্ট নিউজ
বেইলি ব্রিজে আটকে পড়লেন নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ঢাকার ধামরাইয়ে বেইলি ব্রিজের লোহার পাতের ফাঁকে এক নারীর পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার শরিফভাগ বেইলি ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০) তিনি শরীফভাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই নারী শরিফবাগ বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। ব্রিজের একটি ক্ষতিগ্রস্ত অংশের লোহার পাতের ফাঁকে হঠাৎ তার এক পা ঢুকে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে বের করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

স্বর্ণখালী এলাকার বাসিন্দা এস আই আশরাফুল বলেন, প্রায় প্রতিদিন এই ব্রিজে অটোরিকশার চাকা আটকে যায়। ছোট দুর্ঘটনার পাশাপাশি মাঝারি দুর্ঘটনাও ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টের পাটাতন নাই, যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনাও ঘটতে পারে। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রোলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধার নারীকে আমরা হাসপাতালে পৌঁছে দিই, বর্তমানে তিনি সুস্থ্য আছেন।

এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাঝে মধ্যেই এখানে এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।