আন্তঃশিক্ষা বোর্ডের নামে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে প্রচারিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ অসত্য, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ জুলাই) এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রচারিত এই ভুয়া বিজ্ঞপ্তির সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন কোনো গুজবে কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত যেকোনো সঠিক সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও প্রমিত নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে যাচাই করে নেওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।
.png)






