বিনামূল্যে যুক্তরাষ্ট্রে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
বিনামূল্যে যুক্তরাষ্ট্রে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশটিতে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ‘ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’-এর আওতায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করা যাবে।

Advertisement

২০২৭ সালের ফল সেমিস্টার অর্থাৎ সেপ্টেম্বর সেমিস্টারের জন্য এই মুহূর্তে আবেদন গ্রহণ করা হচ্ছে।

সেসব বিষয়ে সুযোগ

এই প্রোগ্রামের আওতায় যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে, সেগুলো হলো, আমেরিকান স্টাডিজ অর্থাৎ আমেরিকান সাহিত্য, ইতিহাস, পলিটিকস ইত্যাদি; ডিফেন্স ও মিলিটারির মতো সিকিউরিটি স্টাডিজ; এনার্জি, পিউর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, সোশ্যাল সায়েন্স যেমন আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, পাবলিক পলিসি ইত্যাদি; অর্থনীতি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি।

আবেদনের যোগ্যতা

এই প্রোগ্রামে নির্বাচিত হতে হলে বেসিক কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। যেমন বাংলাদেশের স্বীকৃতি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আপনার চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেখানে আপনার একাডেমিক রেজাল্ট খুবই ভালো হতে হবে।

যারা আবেদনের যোগ্য

যুক্তরাষ্ট্রের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এর আগে কোনো ডিগ্রি থাকতে পারবে না। এমনকি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকেও কোনো মাস্টার্স ডিগ্রি থাকতে পারবে না। তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি ভাবছেন যে বাংলাদেশ থেকে আপনার মাস্টার্স করা আছে, তবু আরেকটি মাস্টার্স করতে যুক্তরাষ্ট্রে যেতে চান আর এই প্রোগ্রামের আওতায় করতে চান; তাহলেও আবেদন করতে পারবেন।

পেশাগত অভিজ্ঞতা

আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্টের ২১২(ই) রুলসের আওতামুক্ত থাকতে হবে। অর্থাৎ কোনো ফরেন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আগে যুক্তরাষ্ট্রে গিয়ে থাকলে, বাংলাদেশে ফিরে যে নির্দিষ্ট সময় বাংলাদেশে অবস্থান করতে হবে, সেই মেয়াদকাল অতিক্রম করতে হবে। পাশাপাশি যে বিষয়ে আপনি যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চান, সেই বিষয়ের ওপর কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি দক্ষতা

এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে বিনা খরচে পড়াশোনা করতে হবে এবং ইংরেজি ভাষার ওপর দক্ষতার প্রমাণ দিতে হবে। এ জন্য আইইএলটিএস বা টোফেলে কমপক্ষে যথাক্রমে ৭ ও ৯০ স্কোর থাকতে হবে।

যেখান থেকে আবেদন

বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি যখন এই প্রোগ্রামে আবেদন করবেন, তখন আপনাকে বাংলাদেশে অবস্থান করতে হবে। অর্থাৎ তৃতীয় কোনো দেশে অবস্থান করে এই আবেদন করা যাবে না।

একটি পূর্ণাঙ্গ অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে তিনটি রেফারেন্সসহ সব নথি দিয়ে এই আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।