ফ্যাটি লিভার সম্পর্কে যা জানা জরুরি

বর্তমানে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, স্থূলতা, ডায়াবেটিস এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেক সময় শুরুতে কোনো লক্ষণ না থাকায় রোগটি নীরবে লিভারের বড় ক্ষতি করে ফেলতে পারে।
লিভার মানবদেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ। এটি খাবার হজমে সাহায্য করে, শরীরের প্রয়োজনীয় পুষ্টি প্রক্রিয়াজাত করে এবং রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে বের করে দেয়।
যখন লিভারে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে, তখন সেটিকে ফ্যাটি লিভার বলা হয়। অতিরিক্ত চর্বি লিভারে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা ধীরে ধীরে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে লিভারে দাগ বা স্কার তৈরি হয়, যাকে সিরোসিস বলা হয়। গুরুতর ক্ষেত্রে এটি লিভার ফেইলিওরের কারণও হতে পারে।
চিকিৎসকদের মতে, সময়মতো সচেতন হলে এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায়ের ক্ষতি অনেক ক্ষেত্রেই ঠিক করা সম্ভব।
ফ্যাটি লিভারের ধরন
ফ্যাটি লিভার সাধারণত কয়েক ধরনের হতে পারে।
অ্যালকোহলজনিত ফ্যাটি লিভার: অতিরিক্ত মদ্যপানের কারণে যখন লিভারে চর্বি জমে, তখন সেটিকে অ্যালকোহল-অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ বলা হয়। দীর্ঘদিন অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে লিভারে প্রদাহ, স্কার এবং শেষ পর্যন্ত লিভার বিকল হওয়ার ঝুঁকি বাড়ে।
নন-অ্যালকোহলিক বা মেটাবলিক ফ্যাটি লিভার: যারা খুব বেশি অ্যালকোহল পান করেন না, কিন্তু তাদের লিভারে চর্বি জমে, তাদের ক্ষেত্রে এই রোগকে বর্তমানে মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (MASLD) বলা হয়। আগে এটি NAFLD নামে পরিচিত ছিল।
এটি বর্তমানে সবচেয়ে বেশি দেখা যায় এবং স্থূলতা, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গর্ভাবস্থার ফ্যাটি লিভার: গর্ভাবস্থায় খুব কম সংখ্যক নারীর ক্ষেত্রে হঠাৎ লিভারে চর্বি জমতে পারে। এটি বিরল হলেও গুরুতর জটিলতা তৈরি করতে পারে। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে এই সমস্যা দেখা দেয়।
ফ্যাটি লিভারের ধাপ
চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার ধীরে ধীরে কয়েকটি ধাপ অতিক্রম করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
সাধারণ ফ্যাটি লিভার: এই পর্যায়ে লিভারে অতিরিক্ত চর্বি জমে। শুরুতে এটি খুব বেশি ক্ষতিকর নাও হতে পারে।
স্টিয়াটো হেপাটাইটিস: এ সময় চর্বির পাশাপাশি লিভারে প্রদাহ শুরু হয়।
ফাইব্রোসিস: দীর্ঘদিন প্রদাহ থাকলে লিভারে দাগ বা স্কার তৈরি হয়। তবে তখনও লিভার কিছুটা স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
সিরোসিস: এটি সবচেয়ে গুরুতর অবস্থা। লিভারের বড় অংশ শক্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ক্ষতি সাধারণত স্থায়ী।
ফ্যাটি লিভারের লক্ষণ
অনেক মানুষের ক্ষেত্রে শুরুতে কোনো লক্ষণ দেখা যায় না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছাড়া রোগটি ধরা কঠিন হতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে।
- সবসময় ক্লান্ত লাগা
- পেটের ডান পাশের ওপরের দিকে ব্যথা বা অস্বস্তি
- দুর্বলতা
- বমিভাব
- ক্ষুধামান্দ্য
- অকারণে ওজন কমে যাওয়া

রোগ গুরুতর পর্যায়ে পৌঁছালে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন-
- চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া
- পা ফুলে যাওয়া
- পেটে পানি জমা
- সহজে রক্তপাত বা কালশিটে পড়া
- ত্বকে চুলকানি
- মানসিক বিভ্রান্তি
ফ্যাটি লিভার কেন হয়
ফ্যাটি লিভারের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রধান ঝুঁকির কারণগুলো হলো-
- স্থূলতা
- টাইপ-২ ডায়াবেটিস
- রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি থাকা
- উচ্চ কোলেস্টেরল
- অনিয়মিত খাদ্যাভ্যাস
- অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড খাওয়া
- ব্যায়ামের অভাব
- অতিরিক্ত অ্যালকোহল পান
- কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
- হেপাটাইটিস সি সংক্রমণ
- পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)
- স্লিপ অ্যাপনিয়া
বয়স বাড়ার সঙ্গে ঝুঁকিও বাড়তে পারে।
কীভাবে রোগ নির্ণয় করা হয়
চিকিৎসকরা সাধারণত কয়েকটি পদ্ধতিতে ফ্যাটি লিভার শনাক্ত করেন।
শারীরিক পরীক্ষা: লিভার ফুলে গেছে কি না তা পরীক্ষা করা হয়।
রক্ত পরীক্ষা: লিভার এনজাইম বেড়ে গেছে কি না তা দেখা হয়।
আল্ট্রাসনোগ্রাম বা স্ক্যান: আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান বা এমআরআইয়ের মাধ্যমে লিভারে চর্বি জমেছে কি না বোঝা যায়।
ফাইব্রোস্ক্যান: লিভারের শক্ত হয়ে যাওয়া বা স্কার নির্ণয়ে এটি ব্যবহৃত হয়।
লিভার বায়োপসি: কিছু গুরুতর ক্ষেত্রে লিভারের ছোট অংশ পরীক্ষা করা হয়।
ফ্যাটি লিভারের চিকিৎসা
এখনও ফ্যাটি লিভারের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ পুরোপুরি অনুমোদিত হয়নি। তবে জীবনযাত্রায় পরিবর্তনই সবচেয়ে কার্যকর চিকিৎসা হিসেবে বিবেচিত হয়।

চিকিৎসকরা সাধারণত যেসব পরামর্শ দেন-
- ওজন কমানো
- নিয়মিত ব্যায়াম করা
- স্বাস্থ্যকর খাবার খাওয়া
- অ্যালকোহল এড়িয়ে চলা
- অতিরিক্ত তেল-চর্বি ও চিনি কম খাওয়া
- পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
কীভাবে প্রতিরোধ করবেন
ফ্যাটি লিভার প্রতিরোধে কিছু অভ্যাস গুরুত্বপূর্ণ।
- নিয়মিত ব্যায়াম করুন
- স্বাস্থ্যকর ও সুষম খাবার খান
- ওজন নিয়ন্ত্রণে রাখুন
- অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন
- ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
- পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার এখন নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে। তবে সচেতন জীবনযাপন এবং সময়মতো পরীক্ষা করলে এই রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
.png)








