৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

পেঁপে অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাপেইনের মতো উপকারী এনজাইম, যা হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে সব খাবারের মতো পেঁপেও সবার জন্য সমান নিরাপদ নয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় পেঁপে খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
সম্প্রতি বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণায় দেখা গেছে, কয়েক ধরনের মানুষের পেঁপে খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত বা ভুলভাবে খেলে সমস্যা আরও বাড়তে পারে।
যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে
পেঁপেতে থাকা কিছু প্রোটিন ল্যাটেক্স অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদের শরীরে তীব্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এর ফলে চুলকানি, হাঁচি, ত্বকে ফুসকুড়ি কিংবা শ্বাসকষ্টও হতে পারে। যাদের রাবার বা ল্যাটেক্সজাতীয় জিনিসে অ্যালার্জি আছে, তাদের পেঁপে এড়িয়ে চলাই ভালো।
গর্ভবতী নারী
কাঁচা বা আধাপাকা পেঁপে গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে থাকা ল্যাটেক্স ও পাপেইন গর্ভাশয়ে সংকোচন তৈরি করতে পারে, যা অকাল প্রসবের আশঙ্কা বাড়ায়। তাই গর্ভাবস্থায় পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
হৃদস্পন্দনের সমস্যায় ভুগছেন যারা
পেঁপেতে থাকা কিছু যৌগ হৃদস্পন্দনের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা অনিয়মিত হার্টবিট বা হার্ট অ্যারিথমিয়ায় ভুগছেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পেঁপে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত পেঁপে না খাওয়াই ভালো।

হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তি
পেঁপের কিছু উপাদান থাইরয়েড হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি বিপাকক্রিয়া আরও ধীর করে দিতে পারে। ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি বা দুর্বলতার মতো উপসর্গ বাড়তে পারে।
যাদের কিডনিতে পাথরের ঝুঁকি রয়েছে
পেঁপেতে প্রচুর ভিটামিন সি থাকে। অতিরিক্ত ভিটামিন সি শরীরে অক্সালেটে রূপ নিতে পারে, যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে। যাদের আগে কিডনিতে পাথর হয়েছে বা ঝুঁকি আছে, তাদের পেঁপে পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
পরিমিত খাওয়াই সবচেয়ে নিরাপদ
পেঁপে সাধারণভাবে স্বাস্থ্যকর ফল হলেও, বিশেষ কিছু শারীরিক অবস্থায় এটি সমস্যা তৈরি করতে পারে। তাই কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে বা বিশেষ শারীরিক অবস্থায় থাকলে নিয়মিত পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
.png)







