হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করল বিএমইউ

এশিয়া পোস্ট প্রতিবেদক
হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করল বিএমইউ
ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরে জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএম‌ইউ) পরিচালন ও উন্নয়ন বাবদ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তবে এতে ঘাটতি বাজেটই রয়েছে প্রায় ১০৬ কোটি টাকা।

Advertisement

শনিবার (২৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ২৯তম বাজেট অধিবেশনে এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শরিফুল হাসান রতন এই তথ্য জানান।

বিএমইউ জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৩৬ কোটি টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে চিকিৎসা সেবা ও গবেষণাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত উন্নয়নমুখী ও জনকল্যাণ কেন্দ্রিক এবং অর্থনৈতিক বাস্তবতা নিরীক্ষে স্বাস্থ্যক্ষের শ্রম বর্ধমান চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা শিক্ষার পরবর্তী চাহিদাকে সামনে রেখে কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন ব্যয়নীতি অনুসরণের মাধ্যমে এই বাজেট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে গুরুত্ব পেয়েছে শিক্ষা ও একাডেমিক উন্নয়নে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল ক্লাসরুম ও ই-লার্নিং, গবেষণা অনুদান বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএম‌আর) চালুসহ বিনামূল্যে ঔষধ প্রদানের অতিরিক্ত টাকা বরাদ্দ।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছরে ছিল ১২ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে এটি ছিল ৩ কোটি টাকা।

পরিচালক শফিকুল হাসান রতন ও ট্রেজারার নাহরীন আখতার জানান, হাইপারটেনশন এবং ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আইসিইউর জন্য গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন মেরোপেনাম, ইনডোরের রোগীদের জন্য স্যালাইন এবং ওরাল অ্যান্টিবায়োটিকসহ বহু গুরুত্বপূর্ণ ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে।

এর বাইরে আধুনিক চিকিৎসা সেবার সাথে সামঞ্জস্য রেখে সময়োপযোগী চিকিৎসা সরঞ্জমা সংযোজনের লক্ষ্যে এমএসআর (শৈল্য ও চিকিৎসা সরঞ্জাম) উপখাতে গত বছরের চেয়ে ৪৭ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ রেখে এবারের প্রস্তাবিত বাজেটে ৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অনকোলজি বিভাগে একটি মাত্র লিনিয়ার এক্সেলেটর মেশিন ছিল, যা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। এই মেশিনটি নতুনভাবে চালু করাসহ আরো অত্যাধুনিক দুটি লিনিয়ার এক্সেলেটর মেশিনের জন্য ৭৬ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা ক্যান্সার রোগী সেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কার্যকরী ভূমিকা রাখবে।

বাজেটে হাসপাতাল পরিচালনা ও রোগী সেবার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে মেডিসিন এবং ইনফেকশন কন্ট্রোল ডিজিজের জন্য ১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনবোধে সংশোধিত বাজেটে আরও বরাদ্দ প্রদান করা হবে। এই ১০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বরাদ্দ করা হয়েছে।

গবেষণা বাবদ ২০২৬-২৭ অর্থবছরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটে ২২ কোটি টাকা এবং নিজস্ব আয় থেকে ৬ কোটি ৫ লাখ টাকাসহ সর্বমোট ২৮ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৭ কোটি ৭০ লাখ বেশি। এছাড়া প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সংশোধিত বাজেটে আরও বরাদ্দ বাড়ানো হবে।

এক প্রশ্নের জবাবে পরিচালক খন্দকার শফিকুল হাসান রতন ও কোষাধ্যক্ষ নাহরীন আখতার জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ ছিল। ইতোমধ্যে এর শতকরা ৭৮ দশমিক ৯৭ ভাগ ব্যয় হয়েছে। আগস্ট নাগাদ ওই বরাদ্দের সম্পূর্ণ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।