পেছনের পকেটে মানিব্যাগ রাখেন, শরীরের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ

ছেলেদের ক্ষেত্রে অনেকেই প্রতিদিনের অভ্যাসে প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন। বিষয়টি খুব সাধারণ মনে হলেও বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে কোমর, পিঠ এমনকি স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করেন বা নিয়মিত গাড়ি চালান, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক কেন পেছনের পকেটে মানিব্যাগ রাখা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং কীভাবে এই সমস্যা এড়ানো যায়।
কেন সমস্যা হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, পেছনের পকেটে মোটা মানিব্যাগ রেখে দীর্ঘ সময় বসে থাকলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। এক পাশ সামান্য উঁচু হয়ে থাকার কারণে কোমর, নিতম্ব ও মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে।
এ ছাড়া নিতম্বের পাশ দিয়ে যাওয়া সায়াটিক স্নায়ুর ওপরও চাপ তৈরি হতে পারে। এর ফলে কোমর ব্যথা, নিতম্বে অস্বস্তি কিংবা পায়ে ব্যথা ও ঝিনঝিন অনুভূতির মতো সমস্যা দেখা দিতে পারে।
কারা বেশি ঝুঁকিতে?
যারা প্রতিদিন দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন, গাড়ি চালান বা একটানা বসে থাকতে হয়, তাদের ক্ষেত্রে এই অভ্যাস বেশি ক্ষতিকর হতে পারে।
বিশেষ করে যদি মানিব্যাগটি মোটা হয় এবং তাতে অনেক কার্ড, কাগজ বা অন্যান্য জিনিস থাকে, তাহলে চাপ আরও বেড়ে যায়।
কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?
দীর্ঘদিন পেছনের পকেটে মানিব্যাগ রেখে বসার অভ্যাস থাকলে দেখা দিতে পারে
- কোমর ব্যথা
- নিতম্বে ব্যথা বা অস্বস্তি
- পিঠ ও ঘাড়ে টান
- পায়ে ঝিনঝিন বা অবশ লাগা
- দীর্ঘমেয়াদে সায়াটিক স্নায়ুর সমস্যার ঝুঁকি
তবে এসব উপসর্গের একমাত্র কারণ মানিব্যাগ নয়। অন্য শারীরিক সমস্যার কারণেও এমন হতে পারে। তাই দীর্ঘদিন ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কীভাবে এই ঝুঁকি কমাবেন?
বিশেষজ্ঞরা কয়েকটি সহজ অভ্যাস মেনে চলার পরামর্শ দেন।
- পেছনের পকেটের বদলে সামনের পকেটে মানিব্যাগ রাখুন।
- সম্ভব হলে কাঁধের ব্যাগ বা ছোট স্লিং ব্যাগ ব্যবহার করুন।
- অপ্রয়োজনীয় কার্ড, কাগজ বা রসিদ সরিয়ে মানিব্যাগ হালকা রাখুন।
- একটানা অনেকক্ষণ বসে না থেকে প্রতি ৩০ থেকে ৬০ মিনিট পর উঠে কিছুক্ষণ হাঁটুন।
- নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করলে কোমর ও পিঠের পেশি শক্তিশালী থাকে।
ব্যথা শুরু হলে কী করবেন?
যদি কোমর বা নিতম্বে ব্যথা অনুভব করেন, তাহলে প্রথমেই অভ্যাস পরিবর্তন করুন। কিছু ক্ষেত্রে গরম সেঁক বা হালকা ব্যায়ামে আরাম মিলতে পারে। তবে ব্যথা যদি কয়েক দিন ধরে থাকে, পায়ে ছড়িয়ে পড়ে, অবশভাব বা দুর্বলতা দেখা দেয়, তাহলে দেরি না করে অর্থোপেডিক বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পেছনের পকেটে মানিব্যাগ রাখা অনেকের কাছেই খুব সাধারণ একটি অভ্যাস। কিন্তু ছোট এই অভ্যাসই দীর্ঘদিনে শরীরের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তাই মানিব্যাগ সামনের পকেটে রাখা বা ব্যাগে বহনের মতো ছোট পরিবর্তনও কোমর ও পিঠের অপ্রয়োজনীয় চাপ কমাতে সাহায্য করতে পারে।
সূত্র: আনন্দবাজার





