মামলা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কী বললেন শেখ হাসিনা

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আহ্বান জানিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করার দাবিও জানান তিনি।
ভারতের অবস্থানরত শেখ হাসিনা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক বিশেষ সাক্ষাৎকার দেন। এ সময় তিনি সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানান।
শেখ হাসিনা বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত।
এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা দাবি করে বলেন, তার বিরুদ্ধে দেওয়া রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রক্রিয়ার অংশ।
তিনি বলেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কাগুজে সংগঠন নয়, বরং বাংলার মাটি, মানুষ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি রাজনৈতিক শক্তি। অতীতেও দলটি বহুবার নিষিদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তার সংকট তৈরি হয়েছে। অর্থনীতি দুর্বল হয়েছে, উগ্রবাদ বাড়ছে এবং সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দলটির রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের অনুগ্রহের ওপর নির্ভর করে না; বরং জনগণের সমর্থনের ওপর নির্ভরশীল। তিনি দাবি করেন, নিষেধাজ্ঞা, মামলা ও দমন-পীড়ন সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থনে কর্মসূচি অব্যাহত রয়েছে।
সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ভারতে অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তিনি নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখলেও তার মন পড়ে থাকে বাংলাদেশে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং গণতন্ত্রের পরিস্থিতি তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলেও জানান।
তিনি বলেন, আমার শক্তি বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শ। সেই শক্তি নিয়েই আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেন।






