ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

এশিয়া পোস্ট প্রতিবেদক
ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (বাঁয়ে) ও নাছির উদ্দিন নাছির (ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বৃহস্পতিবার (২ জুলাই) নাছির উদ্দিন নাছির তার ব্যক্তিগত ফেসবুক আইডির এক পোস্টে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এত আক্রোশের কারণ কী? কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।”

তিনি আরও লেখেন, “১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের ঠিক প্রান্তে, সঠিক দিকে। আর ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে। এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।”

নাছির উদ্দিন নাছির বলেন, “ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা। এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতিসত্বর এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।”

প্রসঙ্গত, গতকাল বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউট-বাটপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কী ক্ষতি হবে?”