বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

কানসাস সিটিতে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দশম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৭ মিনিটে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

পাঁচ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। দশজনের দলকে অবশ্য নির্ধারিত সময়ে হারাতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেসের গোলে নিশ্চিত হয় ৩-১ ব্যবধানের জয়।

জয়ের পর আর্জেন্টিনা ভক্তদের মনে প্রশ্ন সেমিতে কাদের ‍মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে? উত্তর বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়, অর্থাৎ ১৬ জুলাইয়ের শুরুতে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

অন্য কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তাদেরও অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত।

বিশ্বকাপে ২৪ বছর পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। এবার জয়ী দল ফাইনালে খেলবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে।