Advertisement

৩২ বছরের ‘অভিশাপ’ ভাঙতে পারল না আর্জেন্টিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
৩২ বছরের ‘অভিশাপ’ ভাঙতে পারল না আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: গেটি ইমেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। এই পরাজয়ের ফলে শুধু বিশ্বকাপ হাতছাড়া হয়নি, দীর্ঘদিনের দুটি পরিসংখ্যানও বদলাতে পারেনি লিওনেল মেসির দল।

বিশ্বকাপের শুরুতে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালে কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে উঠে আসে তারা।

তবে ১৯৯৩ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শীর্ষ র‍্যাঙ্কিংয়ে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৪ সালের বিশ্বকাপে শীর্ষে থাকা জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। এরপর তিন দশক পেরিয়ে গেলেও সেই পরিসংখ্যান বদলায়নি। আর্জেন্টিনাও পারল না এই অপেক্ষার অবসান ঘটাতে।

বিশ্বকাপের ইতিহাসে পরপর দুটি শিরোপা জিতেছে মাত্র দুটি দল— ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)।

তবে এই দুটি সাফল্য এসেছে জুলে রিমে ট্রফির যুগে। বর্তমান বিশ্বকাপ ট্রফি চালুর পর কোনো দলই টানা দুইবার শিরোপা জিততে পারেনি। আর্জেন্টিনার সামনে সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু স্পেনের কাছে হেরে সেটিও অধরাই থেকে গেল।

ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে ছাড়িয়ে যায় তারা। স্পেনের ধারাবাহিক চাপে পুরো ম্যাচজুড়েই রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্পেন।

স্কোরলাইন ১-০ হলেও ম্যাচে স্পেনের আধিপত্য ছিল অনেক বেশি। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বড় ব্যবধানে হারার হাত থেকে রক্ষা করেন। তার দৃঢ় পারফরম্যান্স না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।