বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালের পথে ইংল্যান্ড

জুড বেলিংহাম যেন থামতেই জানেন না। নির্ধারিত সময়ের প্রথমার্ধে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছিলেন, এবার অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে প্রথমবারের মতো এগিয়ে দিয়েছেন। ৯৯ মিনিট পর্যন্ত নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড এগিয়ে ২-১ গোলে।
মায়ামি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের শুরুতেই নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের ভুলের সুযোগ নেন বেলিংহাম। প্রায় ২৫ গজ দূর থেকে মর্গান রজার্সের জোরালো শট ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি নিল্যান্ড। তার হাত থেকে ছুটে যাওয়া বল দ্রুত জালে পাঠান বেলিংহাম। ওস্তিগার্ডকে পেছনে ফেলে নিখুঁত জায়গায় হাজির হয়ে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার।
এটি চলতি বিশ্বকাপে বেলিংহামের ষষ্ঠ গোল।
এর আগে ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের বাঁকানো শটে এগিয়ে গিয়েছিল নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে সমতা ফেরান বেলিংহাম।
দ্বিতীয়ার্ধে তোরবিয়র্ন হেগেম বল জালে পাঠালেও আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিডিও সহকারী রেফারির সাহায্যে গোলটি বাতিল করা হয়। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারও ইংল্যান্ডের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন বেলিংহাম।





