Advertisement

কাঁদতে কাঁদতে আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত স্কালোনির

এশিয়া পোস্ট স্পোর্টস
কাঁদতে কাঁদতে আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত স্কালোনির
লিওনেল স্কালোনি। ছবি: গেটি ইমেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করলেন লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার কোচ। জানান, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্বে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে তাঁর সময় প্রয়োজন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্কালোনির চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে হারের পর প্রথমবারের মতো বিদায়ের সম্ভাবনা উড়িয়ে দিলেন না তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। কী করতে চাই, সে বিষয়ে একটি ধারণা আমার আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করব, এরপর দেখা যাবে। সত্যি বলতে, আমার ভাবার প্রয়োজন আছে। কারণ, জানি না এর চেয়ে বড় কিছু আর অর্জন করতে পারব কি না।’

কথা বলতে বলতেই আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো এই কোচ। অশ্রুসিক্ত স্কালোনি বলেন, ‘এই জায়গায় থাকা আমার এবং সবার জন্যই স্বপ্ন সত্যি হওয়ার মতো। কোচিং স্টাফ ও খেলোয়াড় হিসেবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সবটুকু দিয়েছি। তাই ভাবার জন্য কিছুটা সময় নেওয়া আমার প্রাপ্য।’

শুধু নিজের ভবিষ্যৎ নয়, আর্জেন্টিনার বর্তমান দলটিকে নতুন করে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্কালোনি। তার মতে, মেসিদের নিয়ে তৈরি এই বিশেষ প্রজন্মের মতো আরেকটি দল গড়ে তোলা সহজ হবে না।

স্কালোনি বলেন, ‘দায়িত্ব চালিয়ে যেতে হলে অনেক কিছু প্রয়োজন। সবকিছু নতুন করে শুরু করতে হবে, দলটিকেও পুনর্গঠন করতে হবে। এমন একটি দল আবার তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। বিষয়টি আমাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে।’

এই কথার পর আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলাতে না পেরে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলনের কক্ষ ছেড়ে চলে যান আর্জেন্টিনা কোচ।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়েছেন স্কালোনি। তাঁর অধীনেই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। এবার টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। সেই হতাশার রাতেই স্কালোনির আবেগঘন কথায় এখন আর্জেন্টিনা ফুটবলে নতুন প্রশ্ন, ডিসেম্বরের পরও কি দায়িত্বে থাকবেন তিনি?