ক্রোয়েশিয়ার জয়ে শেষ পানামার বিশ্বকাপ স্বপ্ন

এশিয়া পোস্ট স্পোর্টস
ক্রোয়েশিয়ার জয়ে শেষ পানামার বিশ্বকাপ স্বপ্ন
ছবি: সংগৃহীত

লুকা মদরিচের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে পানামার আশা গুড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে জ্লাতকো দালিচের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি নামা আন্তে বুদিমির।

Advertisement

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারের পর ক্রোয়েশিয়ার সামনে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। অন্যদিকে পানামাও ছিল একই চাপের মধ্যে। দিনের আগের ম্যাচে ইংল্যান্ড ও ঘানার ০-০ ড্রয়ের পর এই ম্যাচের হার মানেই ছিল নকআউটের আশা শেষ। শেষ পর্যন্ত সেই ধাক্কাই খেল মধ্য আমেরিকার দলটি।

প্রথমার্ধে ক্রোয়েশিয়া বলের দখল রাখলেও আক্রমণে খুব বেশি ধার দেখাতে পারেনি। পানামা রক্ষণে শৃঙ্খলা ধরে রেখে ম্যাচে টিকে ছিল। তবে বিরতির পর দ্রুতই বদলে যায় দৃশ্যপট। ৫৪ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে পেছনের পোস্টে ফাঁকায় দাঁড়িয়ে থাকা বুদিমির বল জালে পাঠান। গোলটি ক্রোয়েশিয়াকে স্বস্তি দেয়, আর পানামাকে ঠেলে দেয় বিদায়ের পথে।

গোলের কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। মার্কো পাশালিচ একা এগিয়ে গিয়েও পানামা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। ফিরতি বলটিও তিনি উড়িয়ে মারেন। সেই সুযোগ নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে এক গোলের লিড নিয়েই লড়তে হয়েছে।

শেষ দিকে পানামা চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি। ফলে দুই ম্যাচে দুই হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো তাদের। আর প্রথম তিন পয়েন্ট নিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া।

মদরিচের জন্য রাতটি ব্যক্তিগতভাবে ঐতিহাসিক। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁলেন ক্রোয়েশিয়া অধিনায়ক। তার বিশেষ রাতে দলও পেল প্রয়োজনীয় জয়।