মেসিরা অনুশীলন করলেও মাঠেই নামতে পারেনি স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে শেষ অনুশীলন করতে পারেনি স্পেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে শনিবারের বৈরী আবহাওয়ায় দলটির নির্ধারিত অনুশীলন শেষ পর্যন্ত বাতিল করা হয়। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠে নেমে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সুযোগ হারাল স্প্যানিশরা।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, কোচ লুইস দে লা ফুয়েন্তের দলের নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সময় শনিবার বিকেলে অনুশীলনের সূচি ছিল। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় শুরুতে অনুশীলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে নিরাপত্তার স্বার্থে পুরো অনুশীলনই বাতিল করে আয়োজকরা।
অন্যদিকে একই আবহাওয়ার মধ্যেও অনুশীলন সম্পন্ন করতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের অনুশীলন ভেন্যু ছিল স্পেনের মাঠ থেকে প্রায় পাঁচ মাইল দূরে নিউ জার্সির মরিসটাউনে। যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদেরও প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। পরে আবহাওয়া অনুকূলে এলে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা নির্ধারিত অনুশীলন সম্পন্ন করেন।
ফিফার নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, বজ্রপাতের ঝুঁকি দেখা দিলে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুশীলন বা ম্যাচ সাময়িকভাবে স্থগিত কিংবা বাতিল করা হয়। সেই নিয়ম মেনেই স্পেনের অনুশীলন বাতিল করা হয়েছে।
তবে স্পেনের কোচিং স্টাফের বিশ্বাস, একটি অনুশীলন বাতিল হলেও দলের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়বে না। এর আগে পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন শৃঙ্খলাবদ্ধ ও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
এদিকে আর্জেন্টিনাও টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। লিওনেল মেসির নেতৃত্বে দলটি চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এবং ফাইনালের আগে আত্মবিশ্বাসী অবস্থানে আছে।
বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফুটবল বিশ্বের দৃষ্টি এখন এই মহারণের দিকেই।
.png)






