ব্রাজিলের বিদায়ের পর ক্ষমা চাইলেন অধিনায়ক মারকিনিওস

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর দায়িত্ব এড়ালেন না অধিনায়ক মারকিনিওস। নিউ জার্সিতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হারের পর ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, পুরোনো খেলোয়াড়দেরই দায় নিতে হবে, যেন নতুন প্রজন্ম শান্তভাবে পরের চক্র শুরু করতে পারে।
ম্যাচ শেষে মারকিনিওস বলেন,‘আমাদের দায়িত্ব নিতে হবে। আমি অধিনায়ক হিসেবে, আর অভিজ্ঞ খেলোয়াড়েরা, আমাদের দায়িত্ব নিতে হবে যাতে এই নতুন প্রজন্ম শান্তভাবে নতুন চক্র শুরু করতে পারে।’
ব্রাজিলের গত চার বছরের অস্থির সময়ের কথাও মনে করিয়ে দেন তিনি। ২০২২ বিশ্বকাপের পর সেলেসাওরা স্থায়ী পরিকল্পনার অভাবে একাধিক কোচের অধীনে খেলেছে। র্যামন মেনেজেস, ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়রের পর বিশ্বকাপের আগে দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিবর্তনও ব্রাজিলকে শেষ আটে তুলতে পারেনি।
মারকিনিওস বলেন, ‘যে চক্র আমরা কাটিয়েছি, সেটা নিয়ে বিশ্বকাপে এসে অনেক বেশি প্রত্যাশা করা যায় না। আমরা অনেক কিছু দিয়েছি, কিন্তু যেখানে কার্যকর হতে হতো, সেখানে ব্যর্থ হয়েছি। এখন সময় শিক্ষা নেওয়ার, ব্রাজিলিয়ান জনগণের কাছে ক্ষমা চাওয়ার।’
নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন ব্রুনো গিমারায়েস। দ্বিতীয়ার্ধে এন্ডরিকও বড় সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষদিকে আর্লিং হালান্ডের জোড়া গোল ম্যাচ নরওয়ের দিকে নিয়ে যায়। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে ব্যবধান কমালেও সেটি শুধু সান্ত্বনা হয়ে থাকে।
মারকিনিওসের চোখে, নকআউট ম্যাচে এই ছোট ভুলগুলোর মূল্যই সবচেয়ে বেশি। তিনি বলেন, ‘এই ম্যাচগুলো খুব কঠিন। প্রতিটি বলই সিদ্ধান্ত গড়ে দিতে পারে। তারা কার্যকর ছিল, আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। পেনাল্টি ছিল, আরও সুযোগ ছিল। বিশ্বকাপে যে দল কম ভুল করে, শেষ পর্যন্ত তারাই জেতে।’
এই হারে ১৯৯০ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ব্রাজিল। একই সঙ্গে ২০০২ সালের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপীয় দলের বিপক্ষে না জেতার ধারাও আরও দীর্ঘ হলো। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার পর এবার ব্রাজিলকে থামাল নরওয়ে।
মারকিনিওস অবশ্য এখন সমর্থকদের অনুরোধ করেছেন দলকে ছেড়ে না যেতে। তার চাওয়া, পরের চার বছর নতুন প্রজন্ম যেন কাজ করার সুযোগ পায় এবং ২০৩০ বিশ্বকাপে বড় কিছু করার মতো ভিত্তি তৈরি করতে পারে।




