ফাইনালে হারের পর আর্জেন্টিনায় সংঘর্ষ, পুলিশকে পাথর-বোতল নিক্ষেপ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর বুয়েনস এইরেসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন একদল সমর্থক। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন তিনজন।
রোববার রাতে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্কের আশপাশে জড়ো হয়েছিলেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। শিরোপা হাতছাড়া হলেও বিশ্বকাপে লিওনেল মেসিদের যাত্রাকে সম্মান জানাতেই পতাকা ও জার্সি নিয়ে সেখানে উপস্থিত হন তারা।
শুরুতে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর পরিস্থিতি বদলে যায়। একদল ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও কাচের বোতল ছুড়তে শুরু করেন। আতশবাজি ও ধোঁয়া তৈরির সামগ্রীও পুলিশের দিকে ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যায় দাঙ্গা পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। কয়েকজন সমর্থকের অভিযোগ, পুলিশ পেপার স্প্রে ও রাবার বুলেটও ব্যবহার করেছে। সংঘর্ষের মধ্যে ওবেলিস্ক ঘিরে দেওয়া নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলেন কয়েকজন।
ফাইনাল ঘিরে ওবেলিস্ক এবং নাইনথ অব জুলাই অ্যাভিনিউ এলাকায় প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছিল বুয়েনস এইরেস কর্তৃপক্ষ। সংঘর্ষের পর আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
.png)






