৭ মিনিটেই ভিনিসিয়ুসের গোল

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের মাত্র ৭ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলটির বড় কৃতিত্ব রায়ানের, যিনি রাফিনিয়ার জায়গায় প্রথমবার বিশ্বকাপে ব্রাজিলের একাদশে সুযোগ পেয়েই নিজের উপস্থিতি জানান দিলেন।
স্কটল্যান্ড নিজেদের রক্ষণ থেকে ছোট পাসে খেলা গড়ার চেষ্টা করছিল। কিন্তু স্কট ম্যাককেনা বল নিয়ে বেশি সময় নিতেই তাকে চাপে ফেলেন রায়ান। তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার বল কেড়ে নিয়ে দ্রুত সেটি বাড়িয়ে দেন ভিনিসিয়ুসের দিকে। সামনে শুধু গোলরক্ষক অ্যাঙ্গাস গান। কয়েকটি ঠান্ডা মাথার টাচে তাঁকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ভিনিসিয়ুস।
এই গোল ব্রাজিলের জন্য শুধু দ্রুত লিড নয়, ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্মেরও প্রমাণ। জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে সাত গোলে সরাসরি অবদান রাখলেন তিনি, চার গোল ও তিন অ্যাসিস্ট।
এবারের বিশ্বকাপেও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করলেন রিয়াল মাদ্রিদ তারকা। ইতিহাসও ব্রাজিলকে আশাবাদী করতে পারে। এর আগে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ব্রাজিলের হয়ে তিন ম্যাচে গোল করা চার ফুটবলারই শেষ পর্যন্ত শিরোপা জিতেছিলেন। অবশ্য এখনো ম্যাচের অনেক সময় বাকি, কিন্তু মায়ামিতে শুরুটা আনচেলত্তির দলের জন্য নিখুঁতই হলো





