Advertisement

বিশ্বকাপ জয়ের পর ফিফা থেকে সুখবর পেল স্পেন

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপ জয়ের পর ফিফা থেকে সুখবর পেল স্পেন
স্পেন ফুটবল দল। ছবি: রয়টার্স

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি সুখবর পেল স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের সুবাদে ফিফার পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দল।

বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত সর্বশেষ আনুষ্ঠানিক র‍্যাঙ্কিংয়ে ১ হাজার ৮৭৭ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। ১ হাজার ৮৭৪ দশমিক ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল স্পেন। ফ্রান্স ও ইংল্যান্ডের অবস্থান ছিল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফল অনুযায়ী র‍্যাঙ্কিংয়ের পয়েন্ট হালনাগাদ হয়েছে। সেমিফাইনাল শেষে লাইভ হিসাবে আর্জেন্টিনার সংগ্রহ ছিল ১ হাজার ৯৭০ দশমিক ৩৭ পয়েন্ট। স্পেনের ছিল ১ হাজার ৯৬৫ দশমিক ৬১। দুই দলের ব্যবধান ছিল পাঁচ পয়েন্টেরও কম।

ফলে ফাইনালে যে দল জিতবে, তাদেরই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ ছিল। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছে স্পেন। বিশ্বকাপ ফাইনালের গুরুত্ব ও প্রতিপক্ষের শক্তি বিবেচনায় এই জয়ে লা রোহার নামের পাশে প্রায় ৩০ পয়েন্ট যোগ হওয়ার কথা।

ফিফার র‍্যাঙ্কিং নির্ধারণে প্রতিপক্ষের শক্তি, ম্যাচের গুরুত্ব, প্রত্যাশিত ও প্রকৃত ফল বিবেচনা করা হয়। বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ কারণেই ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারানো স্পেনের পয়েন্টে বড় প্রভাব ফেলছে।

আনুষ্ঠানিক তালিকায় স্পেনের শীর্ষস্থান নিশ্চিত হলে দ্বিতীয় স্থানে থাকার কথা আর্জেন্টিনার। বিশ্বকাপের নকআউট পর্বে পরাজয়ের কারণে কোনো দলের পয়েন্ট কমানো হয় না। ফলে ফ্রান্সকে পেছনে রেখে দ্বিতীয় স্থান ধরে রাখার সম্ভাবনা রয়েছে লিওনেল স্কালোনির দলের।

ফিফার হালনাগাদ আনুষ্ঠানিক র‍্যাঙ্কিং ২০ জুলাই প্রকাশের কথা। সব ম্যাচ আন্তর্জাতিক ‘এ’ ম্যাচ হিসেবে অনুমোদিত হওয়ার পরই তালিকাটি চূড়ান্ত বলে গণ্য হবে।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দল। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে জয় পায় স্পেন। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও গড়েছে তারা।