Advertisement

মেসিকে আটকাতে পুরোনো ভুল করবে না স্পেন

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসিকে আটকাতে পুরোনো ভুল করবে না স্পেন
লুইস দে লা ফুয়েন্তে ও মেসি। ছবি: রয়টার্স

লিওনেল মেসিকে আটকাতে একজন খেলোয়াড়কে ছায়ার মতো তার পেছনে লাগিয়ে দেওয়ার পরিকল্পনা নেই স্পেনের। তবে আর্জেন্টিনা অধিনায়ককে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করবে না তারা। বিশ্বকাপ ফাইনালের আগে এমনটাই জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

মেসিকে সামলাতে ব্যক্তিগত পাহারার কৌশল নেওয়া হবে কি না, সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন উঠতেই পুরোনো একটি ম্যাচের গল্প শোনান দে লা ফুয়েন্তে। তখন তরুণ মেসি বার্সেলোনার হয়ে খেলতেন। স্প্যানিশ কাপের একটি যুব ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল দে লা ফুয়েন্তের দল।

মেসির প্রতিভার কথা আগেই শুনেছিলেন স্প্যানিশ কোচ। তাই ম্যাচের শুরু থেকেই তাকে ব্যক্তিগতভাবে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল একজন খেলোয়াড়কে। কৌশলটি বেশ ভালোই কাজ করেছিল। ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ।

কিন্তু মেসির পাহারায় থাকা খেলোয়াড়টি হলুদ কার্ড দেখায় তাকে তুলে নেন দে লা ফুয়েন্তে। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। স্পেন কোচের ভাষায়, পরের ১৫ মিনিটের মধ্যে তাদের জালে চারবার বল পাঠান মেসি।

সেই অভিজ্ঞতার কথা মনে রেখেই এবার কঠোর ম্যান-মার্কিংয়ের পথে হাঁটতে চান না দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘এর অর্থ কি আমরা মেসিকে ব্যক্তিগত পাহারায় রাখব? না। কিন্তু তার দিকে খুব কাছ থেকে নজর রাখব? অবশ্যই।’

৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও তার দুটি অ্যাসিস্ট থেকেই শেষ দিকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দে লা ফুয়েন্তের মতে, মেসি অন্যদের সঙ্গে তুলনা করার মতো ফুটবলার নন। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের তুলনা করতেও চান না তিনি। স্পেন কোচের চাওয়া, ইয়ামাল যেন কারও ছায়া না হয়ে নিজের পরিচয়েই এগিয়ে যান।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ঊরুতে আঘাত পেয়েছিলেন ইয়ামাল। তবে দে লা ফুয়েন্তে জানিয়েছেন, তরুণ উইঙ্গার এখন পুরোপুরি ফিট এবং দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করেছেন।

স্থানীয় সময় বিকেল ৩টায় রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার রাত ১টায়। আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বারসহ চতুর্থ বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় স্পেন।

তবে শিরোপার লড়াইয়ের আগে দে লা ফুয়েন্তের পুরোনো অভিজ্ঞতা স্পেনকে সতর্ক করেই দিচ্ছে। মেসিকে চোখের আড়াল করার জন্য ১৫ মিনিটও যে অনেক বেশি সময়।