ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজরি ৫২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ ক্ষয়ক্ষতির এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ২০০ মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতায় দেশটিতে অন্তত ২৫০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উপদ্রুত এলাকাগুলোতে নিখোঁজদের উদ্ধারে জরুরি উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফ (মেদসঁ সঁ ফ্রোঁতিয়ের)-এর ভেনেজুয়েলা শাখার মেডিকেল কোঅর্ডিনেটর হালিমা হুসেইন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভয়েস বার্তা পাঠিয়েছেন।
তিনি জানান, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরসহ দেশের অনেক এলাকায় এখনও মোবাইল, ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। গৃহহীন হয়ে পড়া মানুষদের সাময়িক আশ্রয় দিতে স্থানীয় পৌরসভাগুলো বিভিন্ন ক্রীড়া স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে নতুন করে প্রস্তুত করার কাজ করছে।
পরিস্থিতির বর্ণনা দিয়ে হালিমা হুসেইন আরও বলেন, বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে বিভিন্ন পার্ক ও চত্বরে রাত কাটাচ্ছেন। ঘরবাড়ি ধ্বংস হওয়া বা জরুরি উচ্ছেদের কারণে তারা গত রাতেও বাড়ি ফিরতে পারেননি। প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ কাঁধে নিয়ে তারা নিরুপায় হয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন।
ভেনেজুয়েলার এই চরম বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ভয়াবহ এ ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, সেই সব ভেনেজুয়েলাবাসীর পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা। আমি আশা করি, এই কঠিন বিপর্যয় কাটিয়ে ভেনেজুয়েলার মানুষ আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
সূত্র: আল জাজিরা






