‘আপনার মেয়েকে ঘরের ভেতরে পুঁতে রেখেছি’, শাশুড়িকে ফোনে জানালেন স্বামী

বিয়ের দেড় মাসের মাথায় যৌতুকের টাকা না পাওয়ায় এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে ওই তরুণীর মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। নিহত তরুণীর নাম মুফিদুন্নেসা। এ ঘটনায় তার স্বামী শামসের আহমেদসহ শ্বশুরবাড়ির কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মে মাসে শামসের আহমেদের সঙ্গে বিয়ে হয় মুফিদুন্নেসার। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ।
এ নিয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টাও হয়েছিল। তবে তাতেও নির্যাতন বন্ধ হয়নি বলে জানিয়েছে নিহতের পরিবার।
গত ১৪ জুলাই মুফিদুন্নেসার মাকে ফোন করে শামসের হুমকি দিয়ে বলেন, ‘আপনার মেয়েকে মেরে ঘরের ভেতরেই পুঁতে রেখেছি, এসে নিয়ে যান।’
এই ফোন পাওয়ার পর আতঙ্কিত পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির সময় পুলিশ শামসের আহমেদসহ তার পরিবারের কয়েকজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শামসের হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এরপর ঘরের মেঝে খুঁড়ে মুফিদুন্নেসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





