বিধ্বস্ত ভেনেজুয়েলায় নিহত ৬০০ ছুঁইছুঁই, নিখোঁজ অর্ধলাখ

এশিয়া পোস্ট ডেস্ক
বিধ্বস্ত ভেনেজুয়েলায় নিহত ৬০০ ছুঁইছুঁই, নিখোঁজ অর্ধলাখ
ছবি: সংগৃহীত

শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। আহত হয়েছেন প্রায় তিন হাজার দেশি-বিদেশি নাগরিক। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অর্ধলাখ বাসিন্দা।

Advertisement

শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

তিনি জানান, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে এবং ২ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।

রদ্রিগেজ বলেন, ‘আমরা আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যাচ্ছি। আমরা এই কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

তবে আহতের সংখ্যা নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট এই সংখ্যা ২ হাজর ৯৮০ বললেও, এর আগে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান এই সংখ্যা ৪ হাজার ৩০০ জনের বেশি।

ভেনেজুয়েলায় কারাকাসের কাছে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে হাজার হাজার মানুষ; ইতোমধ্যে দেশটিতে বিদেশি উদ্ধারকারী দল ও আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্পে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। ভূমিকম্পে এই রাজ্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে শতাধিক ভবন। ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে প্রাণপণ চেষ্টা অব্যাহত রয়েছে।

লাতিন আমেরিকার দেশটির ২৩টি রাজ্যের মধ্যে অন্যতম লা গুয়াইরার আনুমানিক জনসংখ্যা ৪ লাখ ৮০ হাজারেরও বেশি। উত্তর উপকূল বরাবর অবস্থিত এই রাজ্যে ভেনিজুয়েলার অন্যতম প্রধান সমুদ্রবন্দর ও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

সূত্র: রয়টার্স, গার্ডিয়ান, আল-আরাবিয়া