তেহরানে খামেনির মরদেহ, চলছে শেষ শ্রদ্ধার প্রস্তুতি

এশিয়া পোস্ট ডেস্ক
তেহরানে খামেনির মরদেহ, চলছে শেষ শ্রদ্ধার প্রস্তুতি
তেহরানের রাস্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং তার প্রয়াত পিতা সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির ছবি সংবলিত বিলবোর্ড। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরানে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তার মরদেহ সেখানে পৌঁছায় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

যে স্থানে হামলায় খামেনি নিহত হয়েছিলেন, তার কাছাকাছি এলাকায় হাজার হাজার শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত অন্যান্য ইরানি নাগরিকদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আলী খামেনি।

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন নোতাকর্মীরা ও স্থানীয় জনগণ
খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন নোতাকর্মীরা ও স্থানীয় জনগণ

ইরান কর্তৃপক্ষের ঘোষিত সময়সূচী অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) একটি আনুষ্ঠানিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারা অংশ নেবেন। এরপর ৪ ও ৫ জুলাই তেহরানে সর্বস্তরের মানুষের বিদায় অনুষ্ঠান চলবে এবং আগামী ৬ জুলাই রাজধানী তেহরানে মূল দাফন ও শোকমিছিল অনুষ্ঠিত হবে।

রাজধানীর আনুষ্ঠানিকতা শেষে আগামী ৭ জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের পবিত্র নগরী কোমে। সেখানে ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করার পর ৮ জুলাই মরদেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় শিয়া সম্প্রদায়ের পবিত্র মাজারগুলোতে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে দেশটির শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতারা শ্রদ্ধা জানাবেন।

সবশেষে, আগামী ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের পবিত্র ইমাম আলী রেজার মাজারে জানাজা শেষে খামেনির দাফন কার্য সম্পন্ন করা হবে।