Advertisement

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার । ছবি : ফেসবুক

সারাদেশে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। মধ্যরাতের পরও দেশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকছে। চলমান পরিস্থিতির মধ্যে ব্যবহারের চেয়ে কয়েকগুণ বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে নেটিজেনদের মধ্যেও।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্য দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে। যেখানে তার বক্তব্য হিসেবে দাবি করা হচ্ছে, ‘সরকার ঘোষিত বিভিন্ন কার্ডের অর্থায়নের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে’। তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠের সংবাদ ফটোকার্ড ধরন নকল করে তৈরি একটি ছবি প্রচার করা হচ্ছে। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ছবির সঙ্গে আলোচিত উক্তিটি ব্যবহার করা হয়েছে। ছবিটির উপরের অংশে বামপাশে এর তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২ আগস্ট ২০২৩ সাল লেখা হয়েছে।

তবে প্রচারিত বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ফেসবুকে পেজে সার্চ করেও এধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।

অর্থাৎ, ‘সরকার ঘোষিত বিভিন্ন কার্ডের অর্থায়নের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে’ দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এছাড়াও ফটোকার্ডটিতে তারিখ হিসেবে ২ আগস্ট ২০২৩ সালের তথ্য উল্লেখ করা হয়েছে যেসময় তিনি এই মন্ত্রনালয়ের দায়িত্বেও ছিলেন না।

বিষয় :asiapost