logo

দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে: বদিউল আলম মজুমদার

দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে: বদিউল আলম মজুমদার
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা প্রাধান্য পাওয়ায় পরোক্ষভাবে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলা হয়েছে। এমন মন্তব্য করেছেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদার।

এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সার। সারাদেশে ডিলারের মাধ্যমে এটি কৃষকের হাতে পৌঁছায়। এই ডিলার নিয়োগে অতীতেও দুর্নীতি ও স্বজনপ্রীতি হতো। বর্তমানে তা আরও ব্যাপক হারে বেড়েছে।’

Advertisement

সুজন সম্পাদক বলেন, ‘সার সঠিকভাবে সংরক্ষণ এবং তা যথাযথভাবে কৃষকের হাতে পৌঁছে দিতে অভিজ্ঞ ডিলার প্রয়োজন। এ জন্য ডিলারের শিক্ষাগত যোগ্যতা এবং সার সংরক্ষণের সক্ষমতা থাকা জরুরি। কিন্তু দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার ফলে এসব যোগ্যতা উপেক্ষিত হচ্ছে।’

এতে করে কৃষকের কাছে সার পৌঁছানোর পুরো প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়ার আশঙ্কার কথা জানান বদিউল আলম মজুমদার। তার মতে, এই ঝুঁকি শেষ পর্যন্ত দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে সার বণ্টনের জন্য সারাদেশে প্রায় ৪ হাজার ৫০০ ডিলার নিয়োগ দিয়েছে সরকার। গত অক্টোবরে নিয়োগ দেওয়া এসব ডিলারের মধ্যে ৩ হাজার ৪৯৯ জনের তথ্য সংগ্রহ করেছে এশিয়া পোস্ট। তাদের মধ্যে ২ হাজার ৯৯৪ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি পরিচয়ে ডিলারশিপ পেয়েছেন ২ হাজার ৮০৮ জন। আওয়ামী লীগ পরিচয়ে পেয়েছেন ১৫১ জন। জামায়াত পরিচয়ে ৩৩ জন ও এনসিপি পরিচয়ে ২ জন ডিলারশিপ পেয়েছেন। আর ৫০৫ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সারা দেশে পরিবেশক হওয়ার জন্য ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্থানীয় কৃষি অফিসের সুপারিশের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হয়।