পুলিশ কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রতারক চক্র ভূয়া পরিচয়ে মানুষের কাছে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবির করে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, প্রতারকরা সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে জালিয়াতি করছে। এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেই সেটি সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর—এমনটি নিশ্চিতভাবে ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার কিংবা ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) অভিযোগ জানাতে পারবেন।
পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
.png)






