ভোক্তার আস্থা অর্জন ও সেবার মানোন্নয়নে খাস ফুডের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

ভোক্তাদের আস্থা বৃদ্ধি এবং পণ্য ও সেবার গুণগত মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘খাস ফুড লিমিটেড’। এ লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক পরিচালনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে খাস ফুডের প্রধান কার্যালয়ে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনার মাধ্যমে খাস ফুডের কর্মকর্তা-কর্মচারীরা ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং উন্নত গ্রাহকসেবা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান লাভ করেন। অনুষ্ঠানে সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারা, আইনটির প্রয়োগ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব তুলে ধরেন।
সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা ও সদাচরণের কোনো বিকল্প নেই।’ তিনি ব্যবসায়িক ও নৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের অভিযোগ ব্যবস্থাপনা বিভাগকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস খাস ফুডের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘একটি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো পণ্যের গুণগত মান এবং ভোক্তার সন্তুষ্টি।’ তিনি কর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং খাস ফুডের এ জাতীয় উদ্যোগে অধিদপ্তর সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।
খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, ‘নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে খাস ফুড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রাহকের কাছে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মীদের দৈনন্দিন কাজে প্রতিফলিত হবে এবং গ্রাহকের আস্থা অর্জনে ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে খাস ফুড দীর্ঘ ১১ বছর ধরে সুনামের সাথে লাখো গ্রাহকের সেবা প্রদান করে আসছে।
.png)






