Advertisement

হাওরে উড়াল সড়ক হলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে: মন্ত্রিপরিষদ সচিব

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
হাওরে উড়াল সড়ক হলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে: মন্ত্রিপরিষদ সচিব
উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিসুল গনি। ছবি: এশিয়া পোস্ট

হাওরে উড়াল সড়ক নির্মিত হলে সুনামগঞ্জের সাথে হাওরাঞ্চলের ওপর দিয়ে সহজে নেত্রকোনার যোগাযোগ স্থাপিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিসুল গনি। তিনি বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরের সড়ক যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে। ফলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরপাড়ের উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাওরের পরিবেশ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে হাওরের জীববৈচিত্র্য পুরোপুরি সংরক্ষিত থাকে এবং স্থানীয় মানুষের বসতবাড়ির কোনো ক্ষতি না হয়। পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া এই প্রকল্পের আওতায় জামালগঞ্জে সুরমা নদীর ওপর একটি বড় সেতুও নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান এবং বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজের সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী এবং উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।