Advertisement

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর
কক্সবাজার রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি : সংগৃহীত

চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাশাপাশি কক্সবাজার আইকনিক রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথা জানান তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে কেবল একটি ট্রেন স্টেশন নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সারা দেশকে সমন্বিত রেল যোগাযোগের আওতায় আনতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, এই সরকারের আমলেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্মকর্তাদের দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের নির্দেশ দেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলপথ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।