এশিয়া পোস্টের প্রতিবেদনের পর হাবিপ্রবিতে তদন্ত কমিটি গঠন

সম্প্রতি প্রকাশিত এশিয়া পোস্ট-এর এক প্রতিবেদনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হওয়ার পর এ বিষয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয়, কার্যক্রম ও দায়িত্ব নিরূপণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অভিযোগে উল্লিখিত শিক্ষকদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং সুপারিশসহ ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ও অধ্যাপক ড. শহীদুল ইসলাম। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. মহিদুল হাসান।
এশিয়া পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতায় যুক্ত ছিলেন।তারা ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম’ নামে একটি গোপন তৎপরতা ও নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে এখনও যাচাই বা প্রমাণিত হয়নি। এ প্রেক্ষাপটে অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে হাবিপ্রবি প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



