বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হাবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, ডীন বৃত্তির ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত এ সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়, নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ছয় দেশের ৮৮ জন শিক্ষার্থীরা। এছাড়াও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালটির প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিষয়ক শাখার পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।
মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বর্তমান প্রশাসনের বিভিন্ন সেবামূলক উদ্যোগের প্রশংসা করে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, পৃথক বিদেশি শিক্ষার্থী হল, স্টাইপেন্ড, ডীন বৃত্তি, হল ফি কমানো, পরিচ্ছন্নতা এবং খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাবিপ্রবিতে সর্বাধিক বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি জানান, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও ঘোষণা দেন, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরাও দেশি শিক্ষার্থীদের মতো ডীন বৃত্তি পাবেন। পাশাপাশি তাদের অ্যাকাডেমিক অগ্রগতি, আবাসন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
.png)






