logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ঢাবিতে ২০০ পথশিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

ঢাবিতে ২০০ পথশিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ
পথশিশুদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট্রের (জিআরটি) সহযোগিতায় ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস) ও নবোদ্যম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উপকারভোগী শিশুরা মূলত নবোদ্যম ফাউন্ডেশন পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেভ দ্য স্কুল’-এর হাকিম চত্বর শাখা, হাইকোর্ট শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থী। এ ছাড়া বিএনপি বাজার বস্তির সুবিধাবঞ্চিত শিশুরাও এ সহায়তা পেয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি শিশুর হাতে একটি করে বিশেষ সহায়তা প্যাকেজ তুলে দেওয়া হয়। এতে শীতকালীন সুরক্ষার জন্য কম্বল, মাফলার, শীতের টুপি ও মোজা; শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, বই ও পেন্সিল এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য সাবান, লোশন, তেল, তোয়ালে, চিরুনি, টুথব্রাশ ও টুথপেস্টসহ প্রয়োজনীয়সামগ্রী রাখা হয়। উপকরণ বিতরণের পাশাপাশি শিশুদের জন্য গরম খাবারেরও ব্যবস্থা করেন আয়োজকরা।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রতিনিধিরা জানান, প্রতিটি শিশুর জন্য আনন্দময়, নিরাপদ ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন শীতে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

নবোদ্যম ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে তাদের পরিচালিত ‘সেভ দ্য স্কুল’ শাখাগুলো নিয়মিত কাজ করে যাচ্ছে। শিক্ষা উপকরণের পাশাপাশি শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী শিশুদের নিয়মিত স্কুলে আসতে আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে এ ধরনের সম্মিলিত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।