Advertisement

জুলাইয়ের প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে: সাদিক কায়েম

এশিয়া পোস্ট প্রতিবেদক
জুলাইয়ের প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে: সাদিক কায়েম
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

আগামীর বাংলাদেশ তরুণরাই গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া জেনারেশন জেডই আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশের রাজনীতি, প্রশাসন ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দেবে।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বর্তমান তরুণ প্রজন্মই বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। সিভিল সোসাইটি, প্রশাসন, রাজনীতি থেকে শুরু করে তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত—সবখানেই এই প্রজন্ম নেতৃত্ব দেবে।

জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে তরুণরা ক্ষমতায়িত হয়েছে জানিয়ে ডাকসু ভিপি বলেন, তারা এখন রাজনীতিকে ভালোবাসতে শিখেছে এবং রাষ্ট্র ও সমাজ নিয়ে ভাবছে। তার ভাষ্য, বর্তমানের প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের কাছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত ক্ষমতার কাছে কুক্ষিগত হয়ে আগের ফ্যাসিবাদী কাঠামো ধরে রাখতে চেয়েছে, যে কারণে জাতি তাদের ওপর হতাশ হয়েছে।

ডাকসুর ভিপি বলেন, জুলাইয়ের প্রজন্ম আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশের আমূল পরিবর্তন ঘটাবে। এই প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবে এবং দেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। তার মতে, এই প্রজন্ম নেতৃত্বে এলে দেশের বিদ্যমান সংকট দূর হবে।